নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করেছে সাদমা গ্রুপ। এ বিষয়ে দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গ্রুপ কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদপত্রে এসব কথা জানানো হয়। গত ২ নভেম্বর দৈনিক ইনকিলাবে ‘তিনটি গ্রুপের ৩৪টি গার্মেন্টস কারখানায় রয়েছে আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতিষ্ঠানও-শ্রমিকদের আন্দোলনে ইন্ধনদাতা ইন্টারস্টপ-মন্ডল-সাদমা গ্রুপ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনটি গ্রুপের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অর্থায়ন, উসকানি ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিবাদপত্রে সাদমা গ্রুপ জানায়, প্রতিষ্ঠানটির পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সম্পর্ক নেই। সাদমা গ্রুপ একটি অরাজনৈতিক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও নিয়মিত সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও তারা সচেষ্ট।
প্রতিষ্ঠানটির দাবি, কোনো ধরনের রাজনৈতিক অসৎ উদ্দেশ্য, অস্থিতিশীলতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহ করেছে বলে তারা মনে করছেন।
চলমান শ্রমিক আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে ক্রেতাদের অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন ও রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ক্রেতাদের অর্ডার বাতিল, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবাদপত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত না থাকলে প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

