যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা। তিনি মুজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা জানান, বেনাপোল থেকে সকাল ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেস নামে খালি ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে ট্রেনটি ঝিকরগাছা স্টেশন অতিক্রম করে। স্টেশন পার হওয়ার কিছু দূর পরই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

