Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ছেলে তিতাসও ছিলেন সেনাসদস্য, গুলিতে প্রাণ গেল ২৮ বছরেই

নাজিম বকাউল, ফরিদপুর
নভেম্বর ৬, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

বাবা ছিলেন সেনাবাহিনীর সদস্য, অবসরে যাওয়ার পর তাঁর পথ অনুসরণ করেই সেনাবাহিনীতে যোগ দেন ছেলে তিতাস শেখ। কিন্তু দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে মাত্র ২৮ বছর বয়সেই প্রাণ হারালেন তিনি। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের এই সদস্য। তাঁর মৃত্যুতে ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

তিতাস শেখ ২০১৫ সালে এসএসসি পাস করেন। এরপর ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। তাঁর বড় বোন সাগরী আক্তার এবং ছোট ভাই আকরাম শেখ। ছোট ভাই আকরামও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাঁদের বাবা মো. আফজাল শেখ একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

২০২৩ সালে একই উপজেলার বারখাদা গ্রামের সুমাইয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন তিতাস। তাঁদের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই। স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী সুমাইয়া। অন্যদিকে সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন মা রেখা বেগম।

তিতাসের মৃত্যুর খবরে স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় রয়েছেন সবাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হেলিকপ্টারে করে তিতাসের মরদেহ নগরকান্দা হেলিপ্যাডে আনার পরিকল্পনা রয়েছে।

নিহত সেনাসদস্যের পরিবারের খোঁজখবর নিতে বাড়িতে যান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিতাস শেখ। তাঁর বুকের বাঁ পাশে গুলি লাগে। প্রথমে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।

তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। যে পরিবারে বাবা ও দুই ছেলে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, সেই পরিবারেই এখন একজনকে হারানোর শোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।