ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনে পাচুপুর ইউনিয়ন ও আহসানগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থীদের (ছেলে ও মেয়ে বিভাগ) মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি মঞ্জুরুল আলম এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার এবং শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।

