কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় জি এম আব্দুর রশিদ নামে এক শিক্ষকের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জি এম আব্দুর রশিদ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আগুনে তাঁর বসতঘরের খাট, তোষক, বিছানাপত্র, কাপড়চোপড় ও পাশের ধানের গোলার কিছু অংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জানালা দিয়ে ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। শিক্ষক আব্দুর রশিদের ছেলে সাবেক ছাত্রনেতা তুফানসহ পরিবারের সদস্যরা খুলনায় অবস্থান করছিলেন। তাঁদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে স্থানীয়দের ধারণা।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস ঢালী বলেন, ‘আমি রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর শুনেছি। বাড়িতে কেউ না থাকায় কে বা কারা এ সুযোগে আগুন দিয়েছে, তা জানা যায়নি।’

