নরসিংদী প্রতিনিধি
পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা এবং তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) সদর উপজেলার জে অ্যান্ড বি টেক্সটাইল নামের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কারখানাটির পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে আসে। এসব অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা। এ সময় সদর থানা-পুলিশের একটি দলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নরসিংদী জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

