গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের শহরতলির গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন সারজিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

