Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় দিনে গরম, রাতে শীতের আমেজ; আবহাওয়ার পরিবর্তনে অসুস্থ হচ্ছে মানুষ

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় দিনে তীব্র রোদ ও গরম, আর রাত নামলেই শীতের হালকা আমেজ। আবহাওয়ার এমন বৈচিত্র্যে শিশু, বয়োবৃদ্ধসহ সাধারণ মানুষ সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ায় চিকিৎসা নিতে হাসপাতাল ও চিকিৎসকদের কাছে ভিড় বাড়ছে।

দিনের বেলা রোদের তীব্রতায় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়ছে। তবে বিকেল গড়াতেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। সন্ধ্যার পর হালকা ঠান্ডা বাতাস এবং শেষ রাতে শীতের অনুভূতি বাড়ছে। অনেককে রাতে হালকা কাঁথা বা চাদর ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অনেকে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ ১০ থেকে ১৫ দিনেও পুরোপুরি সুস্থ হতে পারছেন না। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ থাকায় জ্বর হলেই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও রোগীদের ভিড় দেখা যাচ্ছে।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। কড়া রোদের কারণে দিনের বেলা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে শীতের আমেজ তৈরি হচ্ছে।

আবহাওয়ার এ পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষ। দিনের বেলা রোদে কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম ও ক্লান্তিতে পড়ছেন তাঁরা। দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, ‘দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে, ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না টানলে ঠান্ডা লেগে যায়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।’

চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জির বিস্তার ঘটে। এতে অনেকে অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হন। এ ছাড়া এ সময়ে ভাইরাসজনিত রোগের প্রকোপও দেখা যায়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততাও বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে দিনের গরম আর রাতের শীতল আবহাওয়ায় ঋতু পরিবর্তনের স্পষ্ট প্রভাব পড়েছে দেবহাটার জনজীবনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।