জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও জিন্নাতুন আরা বলেন, ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। পণ্যের সঠিক মূল্য, মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কাউকে হয়রানি করা নয়, বরং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ভোক্তাদের স্বার্থ রক্ষাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

