Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নদী-খাল ও তিন ফসলি জমি ভরাটের অভিযোগ, বক্তব্য না দিয়ে সাংবাদিকদের ফেরালেন ডিসি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে নদী, সরকারি খাল ও তিন ফসলি জমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও জেলা প্রশাসকের সাক্ষাৎ পাননি তিন সাংবাদিক। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করেও বক্তব্য না পেয়ে ফিরে যান তাঁরা। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, মেঘনা ও ফুলদী নদীসংলগ্ন এলাকায় নদী, সরকারি খাল, ভূমিহীনদের বরাদ্দ দেওয়া খাসজমি এবং স্থানীয়দের তিন ফসলি জমি দখল ও ভরাট করে গড়ে তোলা হয়েছে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান থ্রি অ্যাঙ্গেল মেরিন। এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে যান বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ, আরটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন ও বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন।

আরটিভির প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন জানান, প্রায় তিন মাস আগে থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিরুদ্ধে সরকারি খাসজমি, খাল, নদী ও স্থানীয়দের ফসলি জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য চাইলে তিনি দুই দিন সময় নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

লিংকন বলেন, বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্টাফ অফিসার ও সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন তাঁরা। এ সময় তাঁদের ভিজিটিং কার্ড নিয়ে অপেক্ষা করতে বলা হয়। পরে একাধিকবার আলোচনার বিষয় জানতে চাওয়া হয়। থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিষয়ে বক্তব্য নেওয়ার কথা জানানোর পরও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত জেলা প্রশাসকের বক্তব্য ছাড়াই তাঁদের ফিরে যেতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকরা অসন্তোষ প্রকাশ করলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসকের ব্যস্ততার কথা উল্লেখ করে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট একটি সংবাদের বক্তব্য নিতে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও বক্তব্য না পাওয়ায় তাঁদের অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ঘটনায় বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ বলেন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য চাইতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই অসহযোগিতার মুখে পড়তে হয়। গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিকবার ফোন করেও জেলা প্রশাসককে পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি। জেলার উন্নয়ন, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যক্তিগত সহকারী (পিএস) ফোন রিসিভ করেন। তিনি বিষয়টি জানতে চান এবং মিটিং শেষে বিভাগীয় কমিশনারকে অবহিত করবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।