নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিস্বার্থে হয়রানি এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ও বাংলার রাধুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাজীপুর নগরীর বোর্ডবাজার এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
হাবিবুর রহমান বলেন, গত ১৮ বছর ধরে বোর্ডবাজারে রেস্তোরাঁ ব্যবসা করছেন তিনি। সম্প্রতি ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিস্বার্থে একটি চক্র তাঁকে এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। গত দুই মাস ধরে অপপ্রচারের পাশাপাশি তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এ বিষয়ে অভিযুক্তদের আইনি নোটিশ পাঠানোর পর সমঝোতার কথা বলে তাঁকে ডেকে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
হাবিবুর রহমান জানান, গত ১০ আগস্ট ঢাকা মহানগর আদালত-৯-এ ৬৭০/২৬ নম্বর মামলা দায়ের করেন তিনি। মামলার প্রাথমিক পর্যায়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামিরা প্রকাশিত সংবাদ তাঁদের নয় বলে আদালতে দাবি করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন এবং আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা মুচলেকায় ২৪ নভেম্বর পর্যন্ত জামিন দেন।
এ ছাড়া মিথ্যা ও মানহানিকর ভিডিও প্রতিবেদন প্রকাশের অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ৪৭৭/২৬ নম্বর মামলা করেছেন তিনি। মামলাটি বর্তমানে সিআইডি পুলিশ তদন্ত করছে বলে জানান হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারও সঙ্গে সংঘাতে জড়াতে চান না। তিনি ন্যায়বিচার, নিরাপদে ব্যবসা পরিচালনার পরিবেশ এবং নিজের ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার নিশ্চয়তা চান। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, তিনি স্বাধীন সাংবাদিকতার বিরোধী নন। তবে তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার, সংবাদ প্রকাশের নামে হয়রানি এবং ব্যক্তিগত স্বার্থে গণমাধ্যমের অপব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি নূর এলাহী ভূঁইয়া, রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, কাচ্চি বাড়ির মালিক রিপন আহমেদ, রাজধানী রেস্তোরাঁর মালিক মোহাম্মদ আলী হোসেন, হোটেল মালিক তামিম আহমেদ ও বোর্ডবাজার বেপারী ফার্মার মালিক জাহিদ হাসানসহ স্থানীয় ব্যবসায়ীরা।

