গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাসে আগুন দেওয়ার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ মোল্লা (৫৮) এবং দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার সরদার। পলাশ মোল্লা গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লারপাড়া এলাকার মৃত ওয়াজউদ্দিন মোল্লার ছেলে। আক্তার সরদার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বারপাড়া এলাকার মৃত গোলাপ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘নিউ ক্লাসিক্যাল’ নামের একটি লোকাল বাসে আগুন লাগে। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনায় বাসটির মালিক এস এম সুলতান আহমদ বাদী হয়ে ওই দিন বিকেলে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামিকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

