Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, দায় আওয়ামী লীগ-ছাত্রলীগের!

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের আসবাবপত্রও।

এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’ একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে গবাদিপশু রাখার ঘরে আগুন জ্বলতে দেখেন। ওই ঘরে বাড়ির কেয়ারটেকার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

সংসদ সদস্যের বাবা ও বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) জানান, কয়েক দিন ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে তাঁদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছে। হুমকিতে বলা হচ্ছে, ‘আর মাত্র একমাস, তারপর তোদের দেখে নিব।’ নিষিদ্ধ আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, কয়েক দিন ধরে একটি স্ক্যাম নম্বরসহ বিভিন্ন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এরপরও হুমকি অব্যাহত ছিল।

তিনি আরও বলেন, বুধবার রাতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর বাড়িতে পরপর চারটি পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। এসব ঘটনার যোগসূত্র বিবেচনায় নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। সকালে বিজিবি সদস্যদেরও এলাকায় টহল দিতে দেখা যায়।

রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্যের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।