Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে ভেড়ামারায় রেলপথ অবরোধ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ঐতিহ্যবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে ভেড়ামারা রেলস্টেশন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

ভেড়ামারা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাজিব কুমার বিশ্বাস জানান, অবরোধের কারণে বুধবার মহানন্দা ডাউন (১৬) ট্রেনটি বেলা ১১টা থেকে এবং কপোতাক্ষ আপ (৭১৫) ট্রেনটি কিছু সময় আটকে থাকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালে চালুর পর থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা, মিরপুর ও ঈশ্বরদী অঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসাসেবা নিতে ঢাকাগামী রোগীরা দীর্ঘদিন ধরে এ ট্রেনের ওপর নির্ভরশীল। সম্প্রতি ট্রেনটি পদ্মা সেতু হয়ে পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় ভেড়ামারা, মিরপুর ও ঈশ্বরদী অঞ্চলের মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

তারা আরও বলেন, রুট পরিবর্তন করা হলে কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়বেন। বাড়বে সড়কপথে যাতায়াতের খরচ ও ঝুঁকি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সাধারণ রেলযাত্রীদের পক্ষে স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগ, ভেড়ামারা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু, ব্যবসায়ী ও বিএনপি নেতা মহসিন রেজা, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।

আন্দোলনকারীরা জানান, বৃহত্তর কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের মানুষের দুর্ভোগ বিবেচনায় চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।