জাবিপ্রবি প্রতিনিধি
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকরা। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘সুন্দর ও স্বচ্ছ উপায়ে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এ অবস্থায় এ ধরনের বিশৃঙ্খলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। উসকানিমূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শিক্ষক সমাজ, শিক্ষার্থীসহ সবাই মিলে তা প্রতিহত করব।’
সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী এর পেছনে দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন রাজপথে না আসে এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে। তারা যদি কোনো ধরনের অপতৎপরতা চালায়, তাহলে প্রশাসনিক ও গণতান্ত্রিক উপায়ে তা প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেউ ষড়যন্ত্রে লিপ্ত থাকলে তা থেকে ফিরে এসে প্রশাসনকে সহযোগিতা করা উচিত। এর মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মুহাম্মদ ফরহাদ আলী, রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

