Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে ৩৪ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীতে প্রায় ৩৪ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডারসহ দুইজনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ধেনু নদী দিয়ে যাওয়ার পথে লেপসিয়া বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে ভারতীয় কফি পাউডার নিয়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশ দিয়ে কাটা গাঙ হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লেপসিয়া বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে নৌকাসহ দুইজনকে আটক করেন।

লেপসিয়া বাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগৎজ্যোতি চৌধুরী জানান, তিনি পুলিশ সদস্যদের নিয়ে নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে দুইজনকে ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডারসহ আটক করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে মালামালের মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিকেলে জব্দ করা মালামাল ও নৌকাসহ আটক ব্যক্তিদের খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আরব আলীর ছেলে মো. আবুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকাসহ মালামাল জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রোববার (১৫ নভেম্বর) লেপসিয়া বাজার নৌ-পুলিশের এএসআই আরিফুল ইসলাম বাদী হয়ে অবৈধভাবে মালামাল পাচারের অভিযোগে থানায় মামলা করেছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে পুলিশ পাহারায় আটক ব্যক্তিদের নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।