খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সিকদার অহিদুজ্জামান (লেবু)। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল হক মন্টু অবসরে যান। তাঁর অবসরের পর শূন্য হওয়া পদে সিকদার অহিদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তাঁরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
কলেজ সূত্রে জানা গেছে, সিকদার অহিদুজ্জামানের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৮৩ সালে তিনি এ কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হন। পড়াশোনা শেষে ১৯৯৫ সালে একই কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০১৩ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০২১ সালে তিনি কলেজের একাডেমিক কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করেন।
কলেজের একাডেমিক কার্যক্রম সম্প্রসারণেও তাঁর ভূমিকা রয়েছে। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় কলেজে প্রথমবারের মতো অনার্স পর্যায়ে দর্শন বিভাগ চালু হয়। এ ছাড়া কলেজটি সরকারিকরণের প্রক্রিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে।
সিকদার অহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
শিক্ষার্থী হিসেবে যে কলেজে তাঁর পথচলা শুরু, শিক্ষক হিসেবেও দীর্ঘদিন সেখানেই দায়িত্ব পালন করেছেন। এবার সেই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন তিনি।

