নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে কানিজ ফাতিমা (নাম) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় দায়ের করা মামলায় নৌবাহিনীর সদস্য স্বামী হাসানুজ্জামান আশিককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাগাচারা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আশিক উপজেলার বাসাচাড়া গ্রামের মৃত এবাদুল হকের ছেলে। তিনি নৌবাহিনীর চট্টগ্রাম দপ্তরে সৈনিক পদে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর আশিকের সঙ্গে কানিজ ফাতিমার বিয়ে হয়। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে চট্টগ্রামে কর্মস্থলে চলে যান। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো।
একপর্যায়ে স্বামীর মোবাইল ফোনে অন্য এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ। ওই নারীর সঙ্গে আশিকের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই কানিজকে নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ পরিবারের।
চলতি সপ্তাহে ছুটিতে বাড়িতে আসেন আশিক। সোমবার বিকেলে ওই সম্পর্কের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কানিজকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কানিজের মা বাদী হয়ে আশিকসহ তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, ৩০৬ ও ৩৪ ধারায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আশিককে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁকে নৌবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে। মামলার অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

