কুষ্টিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, মো. জাকির হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া সুগার মিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সহযোগিতা কামনা করা হয়।

