জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই পৌরসভার সরাইল এলাকায় পরিত্যক্ত একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন দেওয়ার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আগুন দেওয়ার সময় দুর্বৃত্তরা নিজেরাই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দিলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে পোড়া দাগ ও পেট্রোলের গন্ধ পাওয়া যায়। তবে আগুন দেওয়ার দৃশ্যমান আলামত অনেকটাই মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। কারা আগুন দিয়েছে কিংবা আলামত মুছে ফেলার চেষ্টা করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ওই এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তালুকদার রাসেল তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি ঘটনার সত্যতা যাচাই করেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে এ ধরনের নাশকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এদিকে, আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। পরিত্যক্ত পুলিশ বক্সে কারা আগুন দিয়েছে, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কারও পরিচয় বা সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

