নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রোজা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজা মনি ওই গ্রামের আলামিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন গোসল করছিলেন। এ সময় রোজা পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর তাকে সেখানে দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

