আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের আবাদ ও উৎপাদন বাড়বে। কৃষকেরা যাতে সঠিক সময়ে এসব উপকরণ ব্যবহার করে ভালো ফলন পান, সে বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকেরা ভালো থাকলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। সরকারি সহায়তা যেন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পান, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন। কর্মসূচির প্রথম দিনে ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।
পরবর্তী ধাপে গম, মসুর ও খেসারি চাষের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হবে। রবি মৌসুমে ফসলের আবাদ বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের আর্থিক সহায়তা দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

