শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত-আট বছর আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করার সময় গয়েশপুর গ্রামের রবিন মিয়ার সঙ্গে উত্তর চন্দন গ্রামের বিকচান মিয়ার মেয়ে মুক্তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। তাঁদের সংসারে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
প্রায় সাত-আট মাস আগে স্বামী-স্ত্রী দুজনই চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর গাজীপুরের আগের কর্মস্থলের এক শ্রমিকের সঙ্গে মুক্তার মুঠোফোনে কথা বলা নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানা গেছে।
মুক্তার স্বামী রবিন মিয়া জানান, রোববার রাতে ফোনে কথা বলা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তবে রাতেই বিষয়টি মিটে যায়। সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে বাড়িতে রাজমিস্ত্রিদের সঙ্গে কাজ করার সময় ঘরের জানালা দিয়ে মুক্তাকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোমেন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

