কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্টের স্থগিত হওয়া পরীক্ষা তিন দিন পর আগের ব্যবহৃত প্রশ্নপত্রেই নেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
গত রোববার (২২ নভেম্বর) উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অথচ একই বিষয়ের পরীক্ষা এর আগে ১৯ নভেম্বর উপজেলার অন্য ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর ‘প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়। তবে উপজেলার বাকি ১৩টি কেন্দ্রে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরে তিন দিন পর ২২ নভেম্বর স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়। এতে মহেশপুর ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। অভিযোগ উঠেছে, এ পরীক্ষায় ১৯ নভেম্বর অন্য ১৩টি কেন্দ্রে ব্যবহৃত একই প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, উপজেলার অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় জয়নগর কেন্দ্রের শিক্ষার্থীরা আগে থেকেই প্রশ্ন সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বিঘ্নিত হয়েছে। পাশাপাশি অন্য ১৩টি কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি হয়েছে।
এ বিষয়ে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মামনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সময় স্বল্পতার কারণে নতুন করে প্রশ্নপত্র তৈরি করা সম্ভব হয়নি। তাই আগের প্রশ্নপত্র দিয়েই স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়েছে।’
কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখব।’

