Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ মোল্যার সঙ্গে একই বংশের চাচাতো ভাই দাউদ মোল্যার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে ফরহাদ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে দাউদ মোল্যা ও তাঁর পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ফরহাদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লাহুড়িয়া বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে অভিযুক্ত দাউদ মোল্যার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ধান কাটার সময় দাউদ মোল্যার লোকজন লাঠি দিয়ে পিটিয়ে ফরহাদ মোল্যাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।