নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সদর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, উপজেলা কৃষকদলের সহসভাপতি মো. ইমরুল কায়েস সাজু, মো. হারুন অর রশিদ রাজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিন, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন লিখনসহ স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী দিনে একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে উপজেলার সদর, মহিষবাথান, মাতাজীহাট ও সরস্বতীপুর খাদ্যগুদামে মোট ১ হাজার ৬৮৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সংগ্রহ অভিযানের মাধ্যমে সরকারি খাদ্য মজুত বাড়ানোর পাশাপাশি কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

