Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দলীয়করণ নয়, মহম্মদপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি আরলী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

‘দলীয়করণ এখানে চলবে না, আমরা সবাই মহম্মদপুরবাসী। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ মাগুরার মহম্মদপুরে সরকারি অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন সংরক্ষিত মহিলা আসন-৫ (আসন-৩০৫)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়।

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, সীমিত বরাদ্দ দিয়ে একসঙ্গে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবে মহম্মদপুরের দীর্ঘমেয়াদি উন্নয়নে সড়ক ও কালভার্ট নির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। এসব জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, আপাতত ৫০ বান্ডিল ঢেউটিন, গৃহমঞ্জুরি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঐচ্ছিক তহবিল এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অনুদানের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও বড় পরিসরে উন্নয়নমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা, মামলা ও হয়রানির প্রসঙ্গ তুলে নেওয়াজ হালিমা আরলী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এবার যোগ্য ব্যক্তিদের মনোনয়ন ও অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অতীতে অর্থের বিনিময়ে কিংবা বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে তিনি ভবিষ্যতে এলাকার যোগ্য সন্তানেরা যেন ন্যায্যভাবে চাকরির সুযোগ পান, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, সংসদ সদস্যের প্রচেষ্টায় এসব অনুদান পাওয়া গেছে। সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৩ জনকে ৯০ হাজার টাকা এবং নির্যাতিত দুস্থ মহিলা ও শিশু কল্যাণ পরিষদের আওতায় সাতজন নির্যাতিত নারীকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া ৫০ জন উপকারভোগীর মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হচ্ছে। প্রতিটি বান্ডিলের সঙ্গে গৃহমঞ্জুরি হিসেবে দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, সাবেক চেয়ারম্যান ও সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ঢাকাস্থ জাতীয়তাবাদী দলের সভাপতি আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মদ, যুবদল নেতা ইনামুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলও অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।