আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সব ক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাতক্ষীরার আশাশুনিতে তিন দিনব্যাপী মেলা ও কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আঞ্চলিক অংশীজনদের নিয়ে আয়োজিত এ মেলা ও কর্মশালার উদ্বোধন করা হয়।
নেদারল্যান্ডসভিত্তিক লিলিয়ান ফন্ডসের আর্থিক সহায়তা এবং সিডিডির কারিগরি সহযোগিতায় আইডিয়াল পারুলিয়া, সাতক্ষীরা; আশরাফ ফাউন্ডেশন, চৌগাছা, যশোর; বাঁচতে শেখা, আরবপুর এবং বারীনগর সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দেননি। তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
স্বাগত বক্তব্য দেন আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান, জেপিইউএফের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহিত কুমার দাশ এবং আশরাফ ফাউন্ডেশনের পরিচালক এম রাসেল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ফোকাল মিজানুর রহমান ও ফিল্ড ফ্যাসিলিটেটর আফতাবুজ্জামান।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যথাযথ সুযোগ, সহায়তা ও অনুকূল পরিবেশের অভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকেন। তাঁদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধী শিশু ও যুবদের করুণা নয়, বরং সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অবহেলায় বা পিছিয়ে রেখে টেকসই ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাঁদের মেধা, যোগ্যতা ও সক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগে অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের মেলা ও কর্মশালা প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ মেলা ও কর্মশালায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ, অধিকার, সক্ষমতা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে।

