মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। অন্যদিকে, জামিনে মুক্তির পর প্রতিপক্ষের হামলায় নিজেদের লোকজন আহত হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছে অপর পক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকার। স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, মৌফুলকান্দী এলাকার মন্ডল গোষ্ঠী এবং খলিশাখালী এলাকার বিশ্বাস গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
মামলার বাদী মো. শাহাজান কবিরের অভিযোগ, গত ১০ নভেম্বর রাতে দোকানের সামনে মলত্যাগকে কেন্দ্র করে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মন্ডল পক্ষের প্রিন্স মন্ডল, আলামিন মন্ডল, শাহীন মন্ডল ও মনিরুল মন্ডলের বাড়িঘর ও দোকানে হামলা চালানো হয়। এ সময় ইজিবাইক রাখার ঘর ও দোকান ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় শাহাজান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মাহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাস (৫২) নামে দুজনকে আটক করে আদালতে পাঠায়।
মন্ডল পক্ষের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর আসামিরা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ ছাড়া গত ২৪ নভেম্বর আরিফ (২২) নামে এক যুবককে নিজেরাই আহত করে হাসপাতালে ভর্তি করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্বাস পক্ষ।
ক্ষতিগ্রস্ত প্রিন্সের মা লাভলী খাতুন বলেন, ‘সবেমাত্র আমার স্বামী মারা গেছেন। তাঁর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আমাদের বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। আমরা ভীতসন্ত্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের বউ সুন্নাতি দুটি শিশুসন্তান নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে।’
মো. নজরুল ইসলাম ওরফে ময়েন উদ্দীন মন্ডল বলেন, খলিশাখালী গ্রামের প্রভাবশালী মাহাজন ও তাঁর লোকজনের হামলা, ভাঙচুর, চুরি ও হয়রানিতে তাঁদের গ্রামের মানুষ অতিষ্ঠ। তাঁরা শান্তিপ্রিয় মানুষ। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে, মাহাজন বিশ্বাস বলেন, দোকানের সামনে মলত্যাগকে কেন্দ্র করে তাঁদের লোকজন মন্ডল পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে, এটি সত্য। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হলে তাঁরা কারাভোগ করেছেন। তবে কারাগার থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের লোকজন তাঁদের দুজনকে মারধর করেছে। তাঁদের লোকজন বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ছাড়া আরেকটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

