নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে, তবে চাঁদাবাজদের সঙ্গে কোনো ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে ৮ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির গাজীপুর মহানগর, জেলা ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এ ঐক্য হতে পারে। তবে ঐক্যের পর চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ করে বলেন, ‘দেখে যান, এখানে আমরা আছি, আপনারা নেই।’ তাঁদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে, ভারতও শান্তিতে থাকতে পারবে না।’
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। শ্রমজীবী মানুষের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
বক্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারত সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
সমাবেশে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আব্দুল হান্নান মাসউদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, প্রশিক্ষণ সম্পাদক এম এম শোয়েব এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বক্তব্য দেন।
এ সময় গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদস্য সচিব আবুল কাশেম মাস্টার, মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ৮ দফা দাবিতে ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বর্ষা হলের সামনে দিয়ে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে কেন্দ্রীয় নেতাদের গাজীপুর সফর উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির পোস্টারে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবি, গণহত্যার রায় বাস্তবায়ন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিও উল্লেখ করা হয়।

