নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্যে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ মতিউর রহমান আখন্দ।
তিনি বলেন, “এই আন্দোলন ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, যেখানে সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরা রাজপথে নেমেছিল।” বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় গাজীপুর মহানগরের টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।
সভায় বক্তারা বলেন, একটি বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হলে অতীতের সকল ফ্যাসিস্ট কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, “পিআর পদ্ধতি ছাড়া এবং সাবেক ফ্যাসিস্ট ও খুনীদের বিচারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর-৪ আসনের প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, মহানগর জামায়াতের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ শাকিল পারভেজের পিতা মো. বেলায়েত হোসেন, শহীদ সাখাওয়াত হোসেনের সন্তান মো. আমীর হামজা, এবং শহীদ সামিউ আমান নুরের পিতা মো. আমান উল্লাহ।
আলোচনা সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল, তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

