Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহসিফের মৃত্যুতে আলোচনায় টঙ্গীর মাজার বস্তি, অপরাধীদের অভয়ারণ্য হওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ৩১, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি। তুরাগ নদসংলগ্ন এ এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধারের পর সামনে আসছে নানা অপরাধের অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকাটি মাদক কারবারি, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি এখান থেকে এক সাংবাদিককে অপহরণ করে জবাইয়ের চেষ্টা করার অভিযোগও উঠেছে।

 

গত বৃহস্পতিবার তুরাগ নদের রাজাবাড়ি খেয়াঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে নৌ-পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরিবারের সদস্যরা ওই যুবককে তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন। বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, ঘটনাস্থলে কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। তিনি নিজে সেখান থেকে পালিয়ে আসেন। তবে কারা তাঁদের ধাওয়া করেছিল, কেন করেছিল এবং নদীতে ঝাঁপ দেওয়ার পর তাহসিফের কী হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, দীপের দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তির উত্তর পাশে হোন্ডা রোড থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে মোটরসাইকেল উদ্ধারের স্থান প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে। মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে সেটি উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার সকালে পিবিআই কর্মকর্তারা মোটরসাইকেলটি নিয়ে যান। উদ্ধারস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে এখনো সুস্পষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি।

মাজার বস্তির অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলার অভিযোগে। দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি রিপনের অভিযোগ, গত ২৬ অক্টোবর দুপুরে ওই এলাকার মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যরা তাঁকে অপহরণ করে ইজতেমা মাঠের একটি পরিত্যক্ত নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ঝোপের মধ্যে তাঁকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, তুরাগ নদঘেঁষা এবং ঢাকা ও গাজীপুরের সংযোগস্থলে অবস্থিত মাজার বস্তি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, ছিনতাই ও অপরাধী চক্রের তৎপরতা চলছে। নির্জন সড়ক, নদীতীরবর্তী অবস্থান এবং অপরাধীদের প্রভাবের কারণে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

তাহসিফকে দীপ কেন ওই এলাকায় নিয়ে গিয়েছিলেন, সেখানে তাঁদের যাওয়ার উদ্দেশ্য কী ছিল, কারা তাঁদের ধাওয়া করেছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। উদ্ধার হওয়া মোটরসাইকেলের পরিচয় শনাক্ত এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একজন সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর তদন্তে মাজার বস্তির নাম উঠে আসায় এলাকাটির অপরাধ পরিস্থিতি ও মাদক কারবারিদের নেটওয়ার্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহসিফের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে অপরাধী চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।