দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে প্রিমিয়ার ফুটবল লিগ-২০২৬, সিজন-১-এর ফাইনালে টাইব্রেকারে মোহামেডান ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তানিম স্যানিটারি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিরামপুরের ঐতিহাসিক বড়মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় জমে।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারের লক্ষ্যে ‘হিরোস অফ এইচএসকে’, ভিক্টর স্পোর্টিং ক্লাব ও চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির আয়োজনে এ লিগ অনুষ্ঠিত হয়। এর স্লোগান ছিল—‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী (রুবেল), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (রেজু), উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট শিরন আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
খেলা পরিচালনা করেন রেফারি ভোলানাথ সরকার। ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান আসাদ ও শামসুল আলম।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন তানিম স্যানিটারি দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ মোহামেডান ওয়ারিয়র্স দলকে ২০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।
আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও এ উদ্যোগ সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।

