জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর নামাজে জানাযায় অংশ নিলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আবু হেনা সাকিল।
রবিবার (২৭ জুলাই) বাদ আসর শ্রীউলার বুড়াখারাটি জামে মসজিদ প্রাঙ্গণে তার স্ত্রী শাহনাজ পারভিন ঝর্ণার জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমা শাহনাজ পারভিন ঝর্ণা ছিলেন নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এলাকার সর্বস্তরের মানুষের কাছে একজন প্রিয় মুখ। তিনি শনিবার সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
স্ত্রীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন করলে বিজ্ঞ আদালত তার পক্ষে আদেশ দেন। এরপর কারা কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তায় আবু হেনা সাকিলকে জানাযায় অংশগ্রহণের জন্য শ্রীউলায় আনা হয়।
জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আবু হেনা সাকিল, তার চাচাতো ভাই মিজানুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু, জামায়াত নেতা লুৎফর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা শাহিনুর রহমান কাজল, ইউপি সদস্য আক্তারুজ্জামান মোল্যা প্রমুখ।
নামাজে জানাযায় ইমামতি করেন বুড়াখারাটি জামে মসজিদের ইমাম মাওলানা আবু ঈসা। জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

