যশোর প্রতিনিধি
যশোরে ‘জুলাই বিপ্লব তারুণ্যের ভাবনা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) যশোর শিল্পকলা একাডেমিতে সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজহারুল ইসলাম বলেন, “ক্ষমতায় থাকা অবস্থায় ফ্যাসিবাদ জালিম ছিল, এখন তারা শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই শক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শক্তির গুটি কয়েকজন ভারতে পালিয়েছে, বাকিরা এখনও দেশে অবস্থান করছে। মাত্র এক বছরের মধ্যেই অনেকে সবকিছু ভুলে গেছেন। অথচ এখনও অনেকে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার মধ্যে প্রতিবিপ্লবেরও চেষ্টা চলছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যেই ঐক্যহীনতা রয়েছে। মানবিক, সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহিদ আব্দুল্লার বাবা আব্দুর জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. শরীফুজ্জামান এবং ছাত্র প্রতিনিধি সামিউল আলম শিমুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং সঞ্চালনা করেন নাট্য সম্পাদক মাহদী হাসান।
বক্তব্য রাখেন সংস্কৃতিকেন্দ্রের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি আমান উল্লাহ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন।

