শারমিন সুলতানা, নরসিংদী
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই প্রকৌশলী আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে চরপাড়া কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রকৌশলী মিরাজ (৪৫) ও হানজেলা (৪৩)। তবে তাদের পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালক আবুল হোসেন জানান, ঢাকা থেকে পলাশের একটি কারখানায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার ঘোড়াশাল সেতু পার হয়ে চরপাড়া কালভার্টের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে উল্টে পড়ে এবং প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আহত মিরাজ ও হানজেলাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উভয় গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইউসুফ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

