Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মজুরি বৃদ্ধির দাবিতে রণক্ষেত্র গাজীপুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ৩১, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর থেকে শুরু হওয়া আন্দোলন বিকেলে সহিংস রূপ নেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন এবং পুলিশ ও কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টপ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। টিফিন বিরতির পর তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে পাশের ডিভাইন টেক্সটাইলসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ বেড়েছে। পাশাপাশি আগের মতো অতিরিক্ত কাজ বা ওভারটাইমের সুযোগও কমেছে। ফলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

দুপুরের দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে এবং আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বেলা আড়াইটা থেকে অবরোধের কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন।

বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। কয়েকটি কারখানার ফটকেও হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিক্ষোভ চলছিল।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা জানান, শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের ১৮ থেকে ২০টি কারখানা শনিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করেন, মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, পোশাকশ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন। তবে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা উচিত। মানুষের জানমালের ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এদিকে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। শনিবার মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।

তবে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণার মধ্যেও শনিবার গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত থাকে। এতে কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের মজুরির দাবি, শিল্পকারখানার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।