পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সংবাদ ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দৈনিক ‘পঞ্চগড় খবর’।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসেন এবং পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল।
আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক পঞ্চগড় খবর পঞ্চগড়বাসীর আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাবে। ‘চেতনায় সত্য, হৃদয়ে পঞ্চগড়’—এই প্রত্যয়কে সামনে রেখে শুরু হওয়া পত্রিকাটির পথচলা সফল ও সুন্দর হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। তারা আশা করেন, এই পত্রিকার মাধ্যমে জেলার সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা জোরালোভাবে উঠে আসবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা যৌথভাবে দৈনিক পঞ্চগড় খবরের শুভ উদ্বোধন ঘোষণা করে ফলক উন্মোচন করেন। এরপর তারা নবপ্রকাশিত পত্রিকার কপি হাতে নিয়ে পড়ে দেখেন।
এর আগে শনিবার সকালেই বাজারে আসে দৈনিক পঞ্চগড় খবরের প্রথম সংখ্যা। পত্রিকার প্রথম কপি হাতে পেয়ে স্থানীয় পাঠকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

