ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে তারা প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে এবং অধ্যক্ষ অলোক কুমার সাহার কক্ষেও তালা মেরে তাকে অবরুদ্ধ রাখে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। অভিযোগ রয়েছে, এই দুই শিক্ষক নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করেছেন এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সমাধানের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা ধীরে ধীরে অবরোধ তুলে নেয়।

