মফিজুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী ইউনিয়নে সামাজিক ও পরিবেশবান্ধব একটি ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চাপালী যুব সংঘ। সংগঠনটি সপ্তাহব্যাপী গাছের চারা বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু করেছে।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দেদারুল ইসলাম এক কাঠবাদাম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে তিনি চিত্রা নদীর পাশের নতুন সেতু সংলগ্ন এলাকায় প্রায় ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল হামিদ, চাপালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার পুটু, সহ-সভাপতি এস এম সামছুল আলম, এবং যুব সংঘের অন্যান্য সদস্যরা।
পোনা মাছ অবমুক্তের পর যুব সংঘের সদস্যরা মোট ৫ মন রেনু পোনা মাছ উপজেলার বিভিন্ন উন্মুক্ত বিলে ছড়িয়ে দেন। মুন্দিয়া, রঘুনাথপুর, বাদুরগাছা, মঙ্গলপোতা, চাপরাইল, রায়গ্রামসহ বিভিন্ন মাঠ এলাকার বিলগুলোতে এই কার্যক্রম চালানো হয়।
ইউএনও মোঃ দেদারুল ইসলাম বলেন,“সাধারণত ব্যক্তি পর্যায়ে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করার ঘটনা বিরল। চাপালী যুব সংঘ এটি করে সমাজে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য, পরিবেশ এবং গ্রামীণ অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।”
স্থানীয় বাসিন্দা মজাহারুল ইসলাম বলেন,“চাপালী যুব সংঘ আগেও আমাদের এলাকায় গাছের চারা বিতরণ করেছে। তাদের কার্যক্রমে তরুণদের মধ্যে ইতিবাচক চিন্তা ও সামাজিক শৃঙ্খলা তৈরি হয়েছে।”
চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান জানান,“চলতি সপ্তাহে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫.৫ মন রেনু মাছের পোনা অবমুক্ত করা হবে। পাশাপাশি ৫ হাজারের বেশি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”

