শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ।
গ্রেফতার হওয়া দু’জন হলেন—গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মঠবাড়ি এলাকার কুরবান মন্ডলের ছেলে এবি এম বাতেন (৪২) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়ার মো. আবুল হোসেন শেখের ছেলে আসমাউল রেজা সজীব (৪০)।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া, ঢাকায় দায়ের হওয়া একই ঘটনার একটি মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি এবং এবি এম বাতেন মন্ডল ১৬৬ নম্বর আসামি বলে জানা গেছে।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

