গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুজন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই। বুধবার দুপুর ১২টার দিকে শহরের মান্দার তলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলার ঘটনায় গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় (মামলা নং-৩১) সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

