এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে টিপু মুনসী (৪৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের শামছেল মুনসীর ছেলে টিপু মুনসী রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়।
প্রথমে তাকে পার্শ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেওয়া হয়। ওঝা ঝাড়ফুঁক করে ব্যর্থ হলে পরে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফা কামাল জানান, টিপু মুনসী দীর্ঘদিন ধরে নড়াইল-নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

