যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভৈরব নদে অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা ব্রিজ ও বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা ব্রিজ সংলগ্ন ভৈরব নদে পৃথক দুটি অভিযানে এই জালগুলো জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, “চায়না দুয়ারী জাল মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ জাল অপসারণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে জেলা মৎস্য অফিসার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষসহ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চায়না দুয়ারী জাল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক জেলেই এখনও নদীতে এ ধরনের জাল ব্যবহার করে আসছেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এই অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

