নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় মোড়কীকরণ সনদ ছাড়াই মিষ্টান্নজাত খাদ্যপণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে কচুয়া বাজারে পরিচালিত এ অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
অভিযানকালে দেখা যায়, সেভেনস্টার হোটেল অ্যান্ড গাজী মিষ্টান্ন ভান্ডার (প্রো: মো. মোস্তফা গাজী), কাজী মিষ্টান্ন ভান্ডার (প্রো: কাজী আরিফ), আগমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (ম্যানেজার: রেজা সাথী) এবং শ্রীগুরু সুইটস (প্রো: শ্রীবাস কুন্ডু) – এই চারটি প্রতিষ্ঠান মোড়কীকরণের বৈধ নিবন্ধন সনদ ছাড়া দই, রসগোল্লা, চমচম, সন্দেশসহ বিভিন্ন মিষ্টান্নজাত খাদ্যপণ্য মোড়ক করে বিক্রি করছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান বলেন, “জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

