যশোর প্রতিনিধি
যশোর জেলার সংসদীয় আসনের পুনর্বিন্যাস পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জেলা বিএনপি। দলটির নেতৃবৃন্দ বলেছেন, একজন বিতর্কিত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ এ ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ কখনোই মেনে নেবে না।
বুধবার (২০ আগস্ট) বেলা বারোটায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপি নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আনজারুল হক খোকন, কাজি আজম, সিরাজুল ইসলাম, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা প্রমুখ।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নির্ধারিত সীমারেখার ভিত্তিতে নির্বাচন হয়ে আসছে। ভোটারদের মধ্যে আসনভিত্তিক যে ঐক্য, সম্প্রীতি ও পারিবারিক পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। তারা আরও বলেন, “জনগণের মতামতকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ আইন, সংবিধান ও গণতান্ত্রিক রীতির পরিপন্থী।”
জেলা বিএনপি ঘোষণা দিয়েছে, প্রয়োজনে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যে কোনো মূল্যে আসন পুনর্বিন্যাসের এই অপচেষ্টা প্রতিহত করা হবে।”
এর আগে একই দাবিতে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা নির্বাচন অফিস ঘেরাও করা হয়।

