ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক মৎস্যচাষীর মাছের ঘেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে শত শত মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন ঘের মালিক শেখ শাহিদুল ইসলাম (৫৩)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ শাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তার নিজস্ব ১১৭ শতক জমির ওপর নির্মিত মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ পালন করা হতো।
২০ আগস্ট বিকেলে তার কর্মচারী প্রতিদিনের মতো ঘেরে মাছের খাবার সরবরাহ করেন। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরটিতে বিষ প্রয়োগ করে। পরদিন সকাল সাড়ে ছয়টার দিকে পাশের ঘেরের মালিক তুষার মণ্ডলের স্ত্রী ঘেরে ভাসমান মৃত মাছ দেখতে পান। পরে শাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে পানিতে তীব্র বিষের গন্ধ পান এবং ব্যাপক মাছের ক্ষতি লক্ষ্য করেন।
ঘটনায় ক্ষুব্ধ শাহিদুল ইসলাম বলেন, “এটি আমার জীবনের বড় ধাক্কা। কেউ ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করার জন্যই এমন জঘন্য কাজ করেছে। মাছ মেরে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করে দিয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”
২১ আগস্ট তিনি ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

