আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
যায়যায়দিন পত্রিকার সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি রনজিৎ বর্মন পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন। ন্যাশনাল গ্রীন কোয়ালিশন ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ, ঢাকার পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত সোমবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজক কমিটি তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে।
রনজিৎ বর্মন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে গণমাধ্যমে পরিবেশসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছেন। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তর খুলনা থেকে বিভাগীয় পরিবেশ পদক, পরিবেশ বন্ধু পদক, সুন্দরবন একাডেমির সুন্দরবন সাংবাদিকতা পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।
তার এই সম্মাননায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিকবৃন্দ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখাজী, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।

