দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় দৌলতপুর উপজেলার মোট ১ হাজার ৮০০ জন প্রান্তিক কৃষক এ সুবিধা পান।
সার ও বীজ বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, কৃষকদের স্বাবলম্বী করা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই কৃষি মন্ত্রণালয় এ প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

