নোয়াখালী প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, “নির্বাচন রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য সাবেক ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, “যারা ৭১-এ ভুল করেছে, তারা নাকি এখন নতুন জন্ম নিয়েছে। তারা বাংলাদেশে পিআর চায়। কিন্তু আমরা পিআর চাই না, আমরা চাই ব্যালটের মাধ্যমে ভোট। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না।”
সভায় সভাপতিত্ব করেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক আমিন উল্যাহ বিএসসি প্রমুখ নেতৃবৃন্দ।

